বারোঘরিয়া কাজীপাড়ায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন, মাদকমুক্ত এলাকা ঘোষণা
মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া কাজীপাড়া গ্রামে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। এসময় ওই এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করেনএলাকাবাসী। শুক্রবার বাদ জুমা সদর উপজেলার বারোঘরিয়া কাজীপাড়া জামে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি,সমাজসেবক, ইমাম, মুসল্লী ও কাজীপাড়া গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ছোট্ট গ্রাম কাজীপাড়ায় ৪-৫ দলের একটি মাদক ব্যবসায়ী চক্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। বাইরে থেকে বখাটে মাদকসেবীরা এসে গাঁজা, ইয়াবা, হেরোইন গ্রহণ করছে প্রকাশ্যে। এতে এলাকার তরুণ যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দফায় দফায় আইন-শৃঙ্খলা বাহিনীকে অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়না। কালেভদ্রে অভিযান হলেও ছেড়ে দেয়া হয় মাদক ব্যবসায়ীদের। মানববন্ধনে ভবিষ্যত প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল ছেকে রক্ষা করতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা।